রাজধানীর রায়েরবাজার স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তি হত্যা মামলার আসামি দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছে। গতকাল শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা হাজারীবাগ
থানার এসআই মো. মতিউর রহমান আসামি সিয়াম হোসেন ইমনকে আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি সিয়ামের জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি শেষে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
গত বুধবার রাতে হাজারীবাগ থানার রায়েরবাজার এলাকায় বাসার সামনে নবম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার শারমিন বিন্তিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করেন সিয়াম। ভুক্তভোগীর পিতা বিল্লাল হোসেন হত্যা মামলা দায়ের করেন। এজাহারে সিয়ামকে একমাত্র আসামি করে কলাবাগান থানায় এ মামলাটি করেন তিনি। গত বৃহস্পতিবার কলাবাগান এলাকার একটি বাসা থেকে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
এ সময় তার কাছ থেকে হত্যাকা-ে ব্যবহৃত চাকু, রক্ত মাখা গেঞ্জি ও প্যান্ট জব্দ করে পুলিশ।
পুলিশ জানায়, পূর্বপরিকল্পনা অনুযায়ী, ঘটনার দিন সিয়াম হঠাৎ বিন্তিকে জাপটে ধরে পেটে ও পিঠে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। পরে কাঁঠালবাগানে তার দাদার বাসায় চলে যান। সেখান থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে গত কিছুদিন ধরে আসামি সিয়ামের সঙ্গে প্রেমের সম্পর্ক রাখতে অস্বীকার করে বিন্তি। এ কারণেই তাকে হত্যা করা হয়।