অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে জবাবদিহির পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। গতকাল শুক্রবার বরিশাল সার্কিট হাউজে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থা এবং ইকো-সিস্টেমে নতুন গণমাধ্যমের সঙ্গে যুক্ত হতে পারিনি এখনো। আমাদের তথ্য মন্ত্রণালয় যে আমলে গড়ে উঠেছে, তখন তথ্যপ্রযুক্তিভিত্তিক গণমাধ্যম ছিল না। তিনি বলেন, জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহে একটি আধুনিক ও কার্যকর ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলতে সরকার কাজ করছে। সামগ্রিকভাবে গণমাধ্যম ব্যবস্থাপনাকে আধুনিক ধারায় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুদানের চেক বিতরণ করেন। এ সময় ৬১ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির মধ্যে ২ কোটি ১৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে বরিশালের জেলা প্রশাসক খায়রুল আলম সুমনসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।