দেশের বাজারে আবারও বাড়ানো হলো সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক লাফে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৫ হাজার ৪১৪ টাকা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিট থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন নির্ধারিত দামে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৫৩ হাজার ৩৪২ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের সোনার দাম ৩ হাজার ৫৫৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ১২৫ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৯১৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৭৭ হাজার ৭০১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ভালো মানের সোনার দাম ২ হাজার ২১৬ টাকা এবং ২১ ফেব্রুয়ারি ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানো হয়। সব মিলিয়ে তিন দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়েছে ৯ হাজার ৮৫৬ টাকা।
শুধু সোনা নয়, বাড়ানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৬ হাজার ৮৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের রুপা ১১৭ টাকা বাড়িয়ে ৬ হাজার ৫৩২ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৫ হাজার ৫৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।