এমি জয়ী সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’ এ অভিনয় করার চূড়ান্ত কথাবার্তা চলছিল বরিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনর। শেষ পর্যন্ত হলিউডের এই সিনেমায় তাতে যুক্ত হচ্ছেন না তিনি। ‘দ্য হোয়াইট লোটাস’র চতুর্থ মৌসুমে দীপিকা পাড়ুকোনকে নিতে আগ্রহী ছিলেন নির্মাতারা। কিন্তু অডিশন প্রক্রিয়ায় অংশ নিতে অনীহা প্রকাশ করায় এই আন্তর্জাতিক প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেত্রী। তার এমন সিদ্ধান্তে অবাক অনুরাগীসহ অনেকেই।
ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, সিরিজের কাস্টিং প্রক্রিয়ায় অডিশন বাধ্যতামূলক। নির্মাতারা প্রত্যেক তারকাকেই অডিশনের মাধ্যমে বাছাই করতে চান। দীপিকা সেই প্রক্রিয়ায় রাজি না হওয়ায় আলোচনা আর এগোয়নি। শুধু এই প্রথমবার নয়, ‘দ্য হোয়াইট লোটাস’ সিরিজের তৃতীয় মৌসুমের সময়েও নির্মাতারা দীপিকাকে নিতে চেয়েছিল কিন্তু সেসময় দীপিকা অন্তঃসত্ত্বা থাকায় বিষয়টি সম্ভব হয়নি। ি
মুক্তির পর থেকেই ‘দ্য হোয়াইট লোটাস’ বিশ্বজুড়ে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। সামাজিক ব্যঙ্গ, সম্পর্কের জটিলতা ও ক্ষমতার রাজনীতিকে কেন্দ্র করে তৈরি এই সিরিজটির নির্মাতা মাইক ওয়াইট। ২০১৭ সালে ‘এক্সএক্সএক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবি দিয়ে দীপিকা হলিউডে পা রাখেন। সেই ছবির পর দীর্ঘ ৯ বছর তাকে আর কোনো হলিউড প্রজেক্টে দেখা যায়নি। ফলে ‘দ্য হোয়াইট লোটাস’-এ তার যুক্ত হওয়ার খবরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে।
গত এক বছরে একাধিক বড় প্রকল্প থেকেও সরে দাঁড়ানোর খবরে আলোচনায় এসেছেন দীপিকা পাড়ুকোন। আট ঘণ্টার কর্মদিবস, বেশি পারিশ্রমিকের দাবিতে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ ও নাগ অশ্বিনের ‘কাল্কি’র সিক্যুয়াল থেকে বাদ পড়েন দীপিকা।