ইভটিজিংয়ে বাধা দেওয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১

ইভটিজিংয়ে বাধা দেওয়াকে কেন্দ্র করে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই গ্রামের সংঘর্ষে শাহ-আলম নামের এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।   

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সকালে আহত শাহ-আলমকে মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে থেকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত শাহ আলম (৩৫) উপজেলার রশিদপুর গ্রামের চাঁদ আলীর ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, উল্লাপাড়া উপজেলার কাশিনাথপুর গ্রামের কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে রশিদপুর উত্তরপাড়া এলাকায় সকাল-বিকাল নিয়মিত আড্ডা দিতেন। সেখানে মেয়েদের উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে রশিদপুর গ্রামের লোকজন তাদের একাধিকবার নিষেধ করেন। এরই জেরে গত ২৬ ফেব্রুয়ারি রাতে রশিদপুর গ্রামের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায় কাশিনাথপুরের বখাটে যুবকরা। এরপর দুইপক্ষের সংঘর্ষ জড়ায়। এতে উভয়পক্ষের পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে শাহ আলমের অবস্থার অবনতি হয়। পরে তাকে সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করে। শনিবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া নেওয়ার পথে তিনি মারা যায়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে গুরুতর আহত শাহ-আলম নামের এক ব্যক্তি সকালে মারা গেছেন। নিহতদের পরিবার অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।