ফরিদপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে এশিয়ান টিভির সাংবাদিক নিহত

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কাজী আশরাফ নামে এশিয়ান টিভির এক সাংবাদিক নিহত হয়েছেন।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাজী আশরাফ নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের কাজী শামসুর রহমানের ছেলে। তিনি এশিয়ান টেলিভিশনের লোহাগড়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

স্বজনরা জানান, সকালে ব্যক্তিগত কাজে কাজী আশরাফ ও মাহামুদুল হাসান অনিক মোটরসাইকেলে করে লোহাগড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। পথে মনসুরাবাদ এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গেলে দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে কাজী আশরাফ ও মাহামুদুল হাসান অনিক গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কাজী আশরাফের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের এসআই সোহেল রানা বলেন, রবিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মনসুরাবাদ এলাকায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর দ্রুত তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে একজনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ সড়ক দুর্ঘটনায় কাজী আশরাফের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে।

সর্বশেষ সর্বাধিক পঠিত