মধ্যপ্রাচ্যে বেজে উঠেছে যুদ্ধের দামামা। ইরানে ইসরায়েলের আকস্মিক হামলার পর পাল্টা ব্যবস্থা নিল তেহরান।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) হামলার প্রেক্ষিতে ইসরায়েলের প্রতিরক্ষামূলক ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং ক্ষেপণাস্ত্র প্রতিরোধের প্রচেষ্টা চলছে। দেশটির হোম ফ্রন্ট কমান্ড সংশ্লিষ্ট এলাকায় থাকা নাগরিকদের সরাসরি মোবাইলে প্রাক-সতর্কতা পাঠিয়েছে।
উত্তর ইসরায়েল এবং গোলান হাইটসে বিস্ফোরণের প্রেক্ষিতে সাইরেন বাজতে শুরু করেছে। কয়েক মিনিটের মধ্যেই কেন্দ্রীয় ইসরায়েলের বিভিন্ন এলাকায়ও সাইরেন শোনা গেছে। নাগরিকদের আতঙ্ক বা প্যানিক এড়াতে কর্তৃপক্ষ নিরাপদ আশ্রয়স্থলে থাকার পরামর্শ দিয়েছে এবং পরিস্থিতি নিয়মিত নজরদারির আওতায় রয়েছে।
ইরানের এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা এমন সময় ঘটেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন যে যুক্তরাষ্ট্র ইসলামি শাসনের বিরুদ্ধে একটি অভিযান শুরু করেছে। একটি পূর্বনির্ধারিত বার্তায় ট্রাম্প ইরানের জনগণের উদ্দেশে বলেন, “আমরা কাজ শেষ করলে, আপনারা সরকারকে নিজের দখলে নিতে পারবেন। আমাদের লক্ষ্য হল আমেরিকান জনগণকে নিরাপদ রাখা এবং ইরানি শাসনের থেকে আসন্ন হুমকি দূর করা। ইরান পারমাণবিক অস্ত্র পাবেনা।”