যেকোনো আঞ্চলিক বা বৈশ্বিক টুর্নামেন্টে ব্যর্থতার পরই অধিনায়ক এবং কোচিং স্টাফ বদলে ফেলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিষয়টি নিয়ে হাসাহাসিও হয় বিস্তর। কিন্তু পাকিস্তান তাদের এই নেতিবাচক ক্রিকেট সংস্কৃতি অক্ষুণ্ন রেখেই চলছে। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আজই হয়তো পাকিস্তানের শেষ ম্যাচ হতে পারে। তার আগেই শুরু হয়ে গেল জাতীয় দলের পরবর্তী অধিনায়ক নিয়ে আলোচনা।
পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি মনে করেন, প্রধান কোচ মাইক হেসন দায়িত্বে থাকলে জাতীয় দলের পরবর্তী অধিনায়ক হতে পারেন শাদাব খান। বর্তমান অধিনায়ক সালমান আলী আগার নেতৃত্বে বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্স বেশ হতাশাজনক। তাই পাকিস্তানের অনেক বিশ্লেষকই মনে করছেন, সালমান আগার নেতৃত্ব এখন হুমকির মুখে। বিশ্বকাপের পরই তিনি নেতৃত্ব হারাতে পারেন।
শুক্রবার কলম্বোয় ইংল্যান্ড ৪ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ডকে। এতে পাকিস্তানের সেমিফাইনালের আশা টিকে আছে। তবে শেষ চারে উঠতে হলে পাল্লেকেলেতে শ্রীলঙ্কা ক্রিকেট দলর বিপক্ষে ৬৫ রানে জিততে হবে, অথবা লক্ষ্য তাড়া করে ৪০ বল হাতে রেখে জয় পেতে হবে, যাতে নেট রানরেটে নিউজিল্যান্ডকে পেছনে ফেলা যায়। কাজটা যে কতটা কঠিন, তা আর বলে দিতে হয় না।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সামা টেলিভিশনে আফ্রিদি বলেন, ‘মাইক হেসন যদি কোচ হিসেবে থাকেন, তাহলে আমার মনে হয় শাদাব খানকেই অধিনায়ক করা হবে। পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেডে একসঙ্গে কাজ করার সুবাদে তাদের মধ্যে বোঝাপড়া আছে। শাদাব খারাপ পছন্দ নয়, তবে বোলার হিসেবে তার পারফরম্যান্স আরও উন্নত হলে ভালো হতো।’
এর আগে ভারতের বিপক্ষে ৬১ রানের হারের পর আফ্রিদি শাদাবকে বাইরে রাখার পরামর্শ দিয়েছিলেন। শাদাবের ফর্মহীনতা নিয়ে তিনি বলেন, ‘শাদাবের কাছ থেকে ধারাবাহিক পারফরম্যান্স প্রয়োজন। সেটা সে করতে পারলে তাকে অধিনায়ক হিসেবে মানতে আমাদেরও ভালো লাগবে। আমি সব সময় বলতাম, সে দলের মেরুদণ্ড। অন্য বিকল্প খুব বেশি নেই। তাকে অধিনায়ক করা যেতে পারে, তবে তাকে পারফর্মারও হতে হবে।’
তবে নামিবিয়ার বিপক্ষে অলরাউন্ড নৈপুণ্য দেখানোর পর শাদাব সমালোচকদের জবাব দেন। তিনি দাবি করেন, বর্তমান দল বিশ্বকাপে ভারতকে হারাতে পারে, যা সাবেকরা পারেননি। এই মন্তব্য ঘিরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। তবে শুধু আফ্রিদিই নন সাবেক অধিনায়ক শোয়েব মালিকও নেতৃত্ব পরিবর্তনের আভাস দিয়েছেন। একটি টেলিভিশন চ্যানেলে তিনি বলেন,‘অধিনায়ক হিসেবে এখন শাদাবের নাম শোনা যাচ্ছে।’