২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দল গঠনে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। দল নির্বাচনে নাম বা খ্যাতি নয়, বরং শতভাগ শারীরিক সক্ষমতাকেই অগ্রাধিকার দেওয়া হবে। এ বিষয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গেও তার কথা হয়েছে।
ব্রাসিলিয়ার প্লানাল্টো প্রাসাদে বিশ্বকাপ ট্রফি সফর অনুষ্ঠানে কোচ আনচেলত্তির সঙ্গে আলাপের কথা তুলে ধরেন প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তিনি বলেন, ‘আমি নিশ্চিত, আমরা এই বিশ্বকাপ জিতব। আনচেলত্তির সঙ্গে কথা বলে দেখেছি, তিনি অত্যন্ত সিরিয়াস এবং সুসংগঠিত একজন মানুষ।’
দল নির্বাচন প্রসঙ্গে লুলা বলেন, ‘তিনি (আনচেলত্তি) বিশ্বাস করেন, বিশ্বকাপে কেবল শতভাগ ফিট খেলোয়াড়রাই খেলবে। কেউ নামের কারণে দলে ডাক পাবে না। তাকে খেলতে হবে, অনুশীলনে থাকতে হবে এবং পুরোপুরি প্রস্তুত থাকতে হবে। যখন কোচ কঠোর হন, খেলোয়াড়রাও নিজেদের দায়িত্ব বোঝে।’
লুলার এই মন্তব্যকে অনেকেই অভিজ্ঞ ফরোয়ার্ড নেইমারর উদ্দেশে পরোক্ষ বার্তা হিসেবে দেখছেন। ৩৩ বছর বয়সী এই তারকা ২০২৩ সালের ১৭ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে ম্যাচে হাঁটুর ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পর থেকে জাতীয় দলে খেলেননি।
দীর্ঘ চোটাঘাতের পর ২০২৫ সালের জানুয়ারিতে সৌদি আরব পর্ব শেষ করে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন নেইমার। ফেরার পর ২১ ম্যাচে খেলেছেন, ১৭টিতে শুরুর একাদশে ছিলেন। করেছেন ৮ গোল, সঙ্গে একটি অ্যাসিস্ট। এরপর আবারও চোটের জন্য বিরতি। গত বৃহস্পতিবার মাঠে ফিরে ভাস্কোর বিপক্ষে ২–১ গোলের জয়ে জোড়া গোল করেন। খেলেছেন পুরো ৯০ মিনিট।
এর আগে গত ১ ডিসেম্বর ব্রাজিলিয়ান গণমাধ্যমে আনচেলত্তি স্পষ্ট ভাষায় বলেছিলেন, ‘নেইমারকে শতভাগ ফিট থাকতে হবে। খুব ভালো অনেক খেলোয়াড় আছে। আমাকে শতভাগ প্রস্তুত খেলোয়াড়ই বেছে নিতে হবে। শুধু নেইমার নয়, ভিনিসিয়ুসও যদি ৯০ শতাংশ ফিট থাকে, আমি ১০০ শতাংশ ফিট অন্য কাউকে নেব। সামনে আমাদের আক্রমণভাগে অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে।’
হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবে মেসি বাহিনী
আবারও রিয়ালের মুখোমুখি হওয়াকে ‘অদ্ভুত’ বললেন গার্দিওলা
৬০ মিটার দৌড়ে অবিস্মরণীয় গোল আর্জেন্টাইন তরুণ পানিচেল্লির