পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবির) উন্নয়নের লক্ষ্যে সমন্বিত সম্ভাব্যতা সমীক্ষা, মাস্টার প্ল্যান প্রণয়ন এবং সংশ্লিষ্ট অন্যান্য কার্যাবলী সম্পাদনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও নির্বাচিত পরামর্শক প্রতিষ্ঠানের মধ্যে চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকার মীরপুরের কাজীপাড়ায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রকল্প পরিচালক মুহাম্মদ মাহবুবুস সোবহান ও পরামর্শকের পক্ষে প্রকৌশলী মিয়া মোহাম্মদ কাইউম, স্থপতি শাকুর মজিদ, স্থপতি প্যাট্রিক ডি. রোজারিও ও সিইজিআইএসের প্রতিনিধি এ চুক্তিতে স্বাক্ষর করেন।
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক মো. আরাফাত হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে চুক্তি স্বাক্ষরের তথ্য জানানো হয়।
চুক্তি অনুযায়ী, পরামর্শক প্রতিষ্ঠান আগামী চার মাসের মধ্যে পিরোজপুর শহরতলির প্রায় ৭৫ একর জমির ওপর নবগঠিত বিশ্ববিদ্যালয়ের জন্য একটি সমন্বিত মাস্টার প্ল্যান, সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন ও উন্নয়ন প্রকল্প পরিকল্পনা (ডিপিপি) প্রস্তুত ও দাখিল করবে।
এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দক্ষিণাঞ্চলে উচ্চশিক্ষার প্রসার, গবেষণা অবকাঠামো উন্নয়ন এবং টেকসই ক্যাম্পাস পরিকল্পনার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম, উপপরিচালক (অর্থ ও হিসাব) মো. আরাফাত হোসেন ও সার্ম অ্যাসোসিয়েটসের নির্বাহী পরিচালক প্রকৌশলী আখতারুজ্জামানসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।