গাইবান্ধার গোবিন্দগঞ্জে শামসুন্নাহার রুমা নামের এক স্কুলশিক্ষককে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। আজ শনিবার বেলা সাড়ে ৩টা দিকে শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন নিজ বাসা থেকে পুলিশ তার মরদেহটি উদ্ধার করে।
এ সময় তার হাত-পা বাঁধা ছিল এবং গলায় ওড়না পেচানো ছিল। শামসুন্নাহার রুমা চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলার ফুলবাড়ী গ্রামের সোলাইমান আলী মাস্টারের মেয়ে।
পুলিশ ও প্রতিবেশীরা জানায়, দুপুর গড়িয়ে গেলে রুমার ঘর থেকে কোনও সাড়া-শব্দ না পাওয়ায় সন্দেহ হয় তাদের। এরপর পাশের বাসার এক নারী ভেতরে গেলে দেখতে পান ঘরের দরজা খোলা আর রুমা মেঝেতে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে আছেন। ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় ছড়িয়ে-ছিটিয়ে ছিল। পরে পুলিশকে খবর দেয় তারা।
রুমা স্বামীর সঙ্গে ডিভোর্স হওয়ার পর এক ছেলে সন্তানকে নিয়ে বাবার মালিকানাধীন এ বাসাটিতে বসবাস করছিলেন। পড়াশুনার কারণে সন্তানটি ঢাকা থাকায় তিনি একাই বসবাস করছিলেন।
বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক। তিনি বলেন,বিষয়টি নিয়ে ক্রাইমসিন কাজ করছে। এখন পর্যন্ত হত্যার কারণ সম্পর্কে জানা যায়নি। লাশ উদ্ধার করা হয়ে। আগামীকাল রবিবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।