৩২ ঘণ্টায়ও সন্ধান মেলেনি নবজাতকের

কুমিল্লার দেবিদ্বারে ৩২ ঘণ্টা পেরিয়ে গেলে সন্ধান মেলেনি ২৭ দিনের নবজাতক আফসা আক্তারের। দেবিদ্বার পৌর এলাকার বিনাইপাড় গ্রামের অটোচালক মো. কামাল হোসেন ও আকলিমা আক্তার দম্পতির সন্তান।

ভুক্তভোগী নবজাতের মা আকলিমা আক্তার জানান, বৃহস্পতিবার দুপুরে শিশু আফসাকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন। হাসপাতাল গেটে পৌঁছাতেই তার পথ আগলে দাঁড়ায় দুই-তিনজন অজ্ঞাত ব্যক্তি। তাকে বলে এখানে ভালো ডাক্তার নেই। অভিজ্ঞ ও ভালো শিশু বিশেষজ্ঞ দেখাতে হলে আমাদের সঙ্গে ডাক্তারের চেম্বারে আসুন। এভাবে কথা বলে তারা মা ও মেয়েকে হাসপাতালসংলগ্ন কুমিল্লা-সিলেট মহাসড়কের দিকে নিয়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে ছিনিয়ে নিয়ে অচেতন আকলিমাকে কয়েক মাইল দূরে বুড়িচং উপ‌জেলার সাবের বাজার এলাকায় সড়কের পাশে ফেলে যায় তারা। বিকেলে স্থানীয়রা আকলিমাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করলে দেবপুর পুলিশ ফাঁড়ির একটি দল তাকে উদ্ধার করে। খবর পেয়ে স্বজনরা আকলিমাকে দেবিদ্বার হাসপাতালে ভর্তি করান। তবে তার কোল ছিল শূন্য।

এ ঘটনায় কামাল হো‌সেন বা‌দী হ‌য়ে দেবিদ্বার থানায় অভিযোগ ক‌রে‌ছেন।

অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই সাগর বড়ুয়া বলেন, আমরা দেবিদ্বার হাসপাতালের সামনের এবং ময়নামতি এলাকার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছি। এখনও তেমন কোনো সূত্র পাওয়া যায়নি। শিশু উদ্ধারে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, অজ্ঞান পার্টি নাকি অপহরণকারীদের হাতে শিশুটি অপহৃত হয়েছে, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সঠিকভাবে কিছু বলা যাবে না।