নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত এবং মাদকমুক্ত সুন্দর নাটোর গড়তে চাই। মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। তরুণদের জন্যে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। নারীদের জন্যে আলাদা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে নাটোর সার্কিট হাউজে জেলা পর্যায়ের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড হচ্ছে একটি পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য। স্বার্বজনীন প্রকল্পের এ কার্ডটি পরিবারের নারী প্রতিনিধির নামে হবে। পর্যায়ক্রমে অবস্থান ভেদে সবাই একার্ড টি পাবে। এ কার্ডের নির্দিষ্ট কোনও গ্রুপ থাকবে না। যাদের নামে ফ্যামিলি কার্ডগুলো দেওয়া হবে তাদের আর অন্য কোনও কার্ড দেওয়া হবে না।
জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, সিভিল সার্জন ডা. মুহাম্মদ মুক্তাদির আরেফীন, জেলা নির্বাচন অফিসার মো. নজরুল ইসলাম।
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে এমপি ও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরে ফারজানা শারমীনের এটিই প্রথম নাটোর সফর। প্রতিমন্ত্রী নাটোর সার্কিট হাউজে পৌঁছলে নেতাকর্মীসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা ফুলের শুভেচ্ছা জানান। এরপর তিনি সার্কিট হাউজ থেকে তার নিজ নির্বাচনী এলাকা লালপুরে, দুপুর ২টায় গৌরীপুর হাইস্কুল মাঠে প্রতিমন্ত্রীর সম্মানে আয়োজিত এক বিশাল গণসংবর্ধনায় যোগ দেন।