গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে রঞ্জু মিয়া নামের এক অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ি থেকে অধ্যক্ষকে গ্রেপ্তার করা হয়।
অধ্যক্ষ রঞ্জু মিয়া উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের খড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় পণ্ডিতপুর আলিম মাদরাসার অধ্যক্ষ পদে কর্মরত।
মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১৮ ডিসেম্বর সকালে ওই ছাত্রীকে উপবৃত্তির ফরমে স্বাক্ষর নেওয়ার কথা বলে ফোন করে অধ্যক্ষ তার নিজ বাসায় ডেকে নেন। বাসায় গেলে তিনি ছাত্রীকে একটি কক্ষে আটকে রেখে ধর্ষণ করেন এবং ধর্ষণের ভিডিও ধারণ করেন।
ধর্ষণের ঘটনা কাউকে জানালে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন তিনি। সর্বশেষ গত ৪ ফেব্রুয়ারি ছাত্রীকে আবার ধর্ষণ করেন রঞ্জু মিয়া।
ভুক্তভোগীর এক আত্মীয় বলেন, ওই ছাত্রী চার মাস আগে ওই প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তি হয়। ভর্তির পর অধ্যক্ষ রঞ্জু মিয়া তার পরিবারের খোঁজ-খবর নেওয়ার কথা বলে তার ব্যক্তিগত মোবাইল নম্বর নেন। শিক্ষক হচ্ছে অভিভাবক। সেই শিক্ষকের কাছে শিক্ষার্থী আজ নিরাপত্তাহীন।
বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। তিনি জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলার পর অভিযান চালিয়ে অধ্যক্ষকে গ্রেপ্তার করা হয়। ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
