ইন্দুরকানীতে বিদ্যুতায়িত হয়ে শ্রমিক নিহত

পিরোজপুরের ইন্দুরকানীতে মাটি কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে হানিফ শেখ (৫০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের গার্লস স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হানিফ শেখ উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের মৃত আনোয়ার আলী শেখের ছেলে। নিহত শ্রমিকের স্ত্রীসহ দুই ছেলে রয়েছে।

জানা গেছে, হানিফ শেখসহ ৮-১০ জন শ্রমিক মাটি কাটার জন্য পার্শ্ববর্তী এলাকা দক্ষিণ ইন্দুরকানীর মিলবাড়ী নামক এলাকার গার্লস স্কুলের সংলগ্ন পুকুরে মাটি কাটতে যান। সেখানে মাটি কাটার কিছু সময় পর পুকুরে জমা হওয়া পানি সেচ দেওয়ার জন্য বিদ্যুৎ চালিত মোটর চলাতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

স্থানীয় গ্রাম পুলিশ মো. আসাদুজ্জামান বলেন, হানিফ শেখ মাটি কাটতে গিয়ে পানি সেচ দেওয়ার সময় বিদ্যুতায়িত হন। পরে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইন্দুরকানী থানার ওসি মো. শামীম হাওলাদার জানান, নিহত শ্রমিকের মরদেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।