ইসলাম মানুষের দুনিয়া ও আখেরাতের কল্যাণ নিশ্চিত করার জন্য যে ইবাদতসমূহের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে, তাহাজ্জুদ নামাজ সেগুলোর অন্যতম। এটি ফরজ বা ওয়াজিব নয়, বরং নফল ইবাদত হওয়া সত্ত্বেও এর মর্যাদা ও ফজিলত অত্যন্ত উচ্চ। হজরত রাসুলুল্লাহ (সা.) নিজে নিয়মিত তাহাজ্জুদ আদায় করতেন এবং সাহাবায়ে কেরামকেও এর প্রতি উৎসাহিত করেছেন। রাতের নিস্তব্ধতা, মানুষের ঘুম, আল্লাহর দরবারে বান্দার একান্ত উপস্থিতি, তাই এই সময়ের ইবাদত মহান আল্লাহর কাছে বিশেষভাবে কবুল হয়। তাহাজ্জুদ সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা রাতের নামাজের প্রতি যত্নবান হও। কেননা তা তোমাদের পূর্ববর্তী নেককার লোকদের অভ্যাস ছিল। এটি আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম, গুনাহ থেকে বিরত রাখে, পাপসমূহ মোচন করে এবং দেহ থেকে রোগ দূর করে।’ (তিরমিজি ৩৫৪৯) এই হাদিসে তাহাজ্জুদ নামাজের পাঁচটি গুরুত্বপূর্ণ উপকার অত্যন্ত সুন্দরভাবে বর্ণিত হয়েছে। এ পাঁচটি উপকারের বিষয়ে বিস্তারিত বিবরণী উল্লেখ করা হলো।
নেককারদের কাতারে শামিল
তাহাজ্জুদ নামাজ শুধু এই উম্মতের জন্য নির্ধারিত কোনো ইবাদত নয়, বরং এটি যুগে যুগে আল্লাহর প্রিয় বান্দাদের আমল ছিল। নবী-রাসুলরা, ওলি-আউলিয়া এবং সৎ লোকেরা রাতের অন্ধকারে মহান আল্লাহর ইবাদত করতেন, দোয়া করতেন এবং নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করতেন।
পূর্ববর্তী নেককারদের জীবনী পর্যালোচনা করলে দেখা যায়, তাদের ইমানি দৃঢ়তা, তাকওয়া ও আত্মশুদ্ধির পেছনে তাহাজ্জুদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। রাতের নামাজ মানুষকে আত্মসংযমী করে, আল্লাহভীরু বানায় এবং দুনিয়ার মোহ থেকে দূরে রাখে। যে ব্যক্তি তাহাজ্জুদের অভ্যাস গড়ে তোলে, সে স্বাভাবিকভাবেই নেককারদের পথ অনুসরণ করে। অতএব তাহাজ্জুদ আদায় করা মানে শুধু একটি নফল নামাজ পড়া নয়, বরং পূর্ববর্তী নেককার বান্দাদের ধারাবাহিকতার সঙ্গে নিজেকে যুক্ত করা।
আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম
তাহাজ্জুদ নামাজ মহান আল্লাহর নৈকট্য লাভের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। রাতের শেষ ভাগে যখন অধিকাংশ মানুষ গভীর ঘুমে নিমগ্ন থাকে, তখন একজন বান্দা ঘুম ত্যাগ করে শুধুমাত্র মহান আল্লাহর সন্তুষ্টির জন্য উঠে দাঁড়ায়, এ দৃশ্য মহান আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এই সময় বান্দা ও তার রবের মধ্যে এক বিশেষ সম্পর্ক সৃষ্টি হয়। বান্দা তখন দুনিয়ার ব্যস্ততা, লোক দেখানো ইবাদত বা সামাজিক চাপ থেকে মুক্ত থাকে। তার ইবাদত হয় একান্ত, নিঃস্বার্থ ও গভীর আন্তরিকতায় ভরপুর।
তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় হয়, দোয়া কবুলের সম্ভাবনা বৃদ্ধি পায় এবং হৃদয়ে এক ধরনের প্রশান্তি নেমে আসে, যা অন্য কোনো ইবাদতে সহজে পাওয়া যায় না।
গুনাহ থেকে বিরত রাখে
মানুষ গুনাহে জড়িয়ে পড়ে মূলত দুই কারণে, নফসের তাড়না ও আল্লাহভীতির দুর্বলতা। তাহাজ্জুদ নামাজ এই দুই সমস্যারই কার্যকর সমাধান। রাতের নামাজে নিয়মিত অভ্যস্ত ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে শেখে। কারণ ঘুম ত্যাগ করা, আরামের বিছানা ছেড়ে উঠে ইবাদতে দাঁড়ানো, এটি নফসের বিরুদ্ধে বড় ধরনের জিহাদ।
তাছাড়া তাহাজ্জুদ মানুষের অন্তরে আল্লাহভীতি সৃষ্টি করে। যে ব্যক্তি রাতে একান্তে আল্লাহর সামনে দাঁড়িয়ে কান্নাকাটি করে, সে দিনে গুনাহ করতে লজ্জাবোধ করে। ফলে তাহাজ্জুদ ধীরে ধীরে মানুষকে পাপ থেকে দূরে রাখে এবং চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পাপ মোচন করে
তাহাজ্জুদ নামাজ পাপ মোচনের একটি শক্তিশালী মাধ্যম। মানুষ প্রতিদিন জেনে বা অজান্তে বহু ভুল করে, গুনাহে লিপ্ত হয়। মহান আল্লাহ তার বান্দাদের জন্য তওবা ও ক্ষমার দরজা সবসময় খোলা রেখেছেন, আর তাহাজ্জুদ সেই দরজায় পৌঁছানোর শ্রেষ্ঠ সময়।
রাতের নীরবতায় বান্দা যখন নিজের ভুলের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন মহান আল্লাহ অতি দয়ালু হয়ে তার গুনাহ মাফ করে দেন। চোখের অশ্রু, অন্তরের অনুশোচনা এবং নির্জন ইবাদত, এই তিনটি একত্র হলে পাপ মোচন সহজ হয়ে যায়। তাই বলা যায়, তাহাজ্জুদ আত্মশুদ্ধির এক কার্যকর মাধ্যম, যা মানুষকে পাপমুক্ত জীবনের দিকে এগিয়ে নেয়।
দেহ থেকে রোগ দূর করে
এই হাদিসে তাহাজ্জুদের একটি বিস্ময়কর দিক তুলে ধরা হয়েছে, এটি দেহ থেকে রোগ দূর করে। আধুনিক গবেষণাতেও দেখা যায়, নির্দিষ্ট সময় ঘুম থেকে ওঠা, হালকা শারীরিক নড়াচড়া, মানসিক প্রশান্তি এবং স্ট্রেসমুক্ত জীবন মানবদেহের জন্য অত্যন্ত উপকারী।
তাহাজ্জুদ নামাজে দাঁড়ানো, রুকু, সিজদা, এসব দেহের রক্তসঞ্চালন স্বাভাবিক রাখে। তাছাড়া গভীর মানসিক প্রশান্তি মানুষের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হলে বহু শারীরিক ও মানসিক রোগ আপনা-আপনি হালকা হয়ে আসে। অতএব তাহাজ্জুদ শুধু আত্মিক ইবাদত নয়, বরং এটি দেহ ও মন উভয়ের জন্য এক প্রকার শিফা।
আলোকিত জীবন গঠন
তাহাজ্জুদ নামাজ এমন এক ইবাদত, যা মানুষকে নেককারদের কাতারে শামিল করে, আল্লাহর নৈকট্য দান করে, গুনাহ থেকে রক্ষা করে, পাপ মোচন করে এবং দেহকে সুস্থ রাখে। একটি হাদিসেই এর পাঁচটি মহৎ উপকার একত্রে উল্লেখ করা হয়েছে, যা এর গুরুত্ব স্পষ্টভাবে প্রমাণ করে।
আজকের ব্যস্ত ও পাপপূর্ণ জীবনে তাহাজ্জুদের প্রয়োজন আরও বেশি। যদি আমরা নিয়মিত তাহাজ্জুদ আদায় করতে পারি, তবে আমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন এবং আখেরাত, সবকিছুই আলোকিত হয়ে উঠবে। মহান আল্লাহ আমাদের সবাইকে তাহাজ্জুদ নামাজের প্রতি যত্নবান হওয়ার তওফিক দান করুন। আমিন।
লেখক : মুহতামিম, জহিরুল উলুম মহিলা মাদরাসা, গাজীপুর