কিস্তির টাকা আদায়কে কেন্দ্র করে বগুড়ায় উদ্দীপন নামের একটি এনজিওর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় হাতুড়ি ও ধারালো অস্ত্রের আঘাতে দুই কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ফুলতলা পাট বীজাগারের সামনে অবস্থিত উদ্দীপনের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- প্রোগ্রাম অফিসার মো. হাসিনুর রহমান (৩৪) ও ফার্স্ট ক্রেডিট অফিসার মো. শিমুল আলী (২৭)। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
উদ্দীপনের ফার্স্ট ক্রেডিট অফিসার রাজিয়া সুলতানা জানান, গত বছরের নভেম্বর মাসে খান্দার এলাকার এক গ্রাহক দুই লাখ টাকা ঋণ গ্রহণ করেন। দীর্ঘদিন ধরে কিস্তি পরিশোধ না করায় শনিবার বিকেলে কিস্তির টাকা চাইতে গেলে এনজিওর এক কর্মীকে মারধর করা হয়। এরই জেরে রাতে কয়েকজন ব্যক্তি কার্যালয়ে ঢুকে হামলা চালায়।
তিনি অভিযোগ করেন, হামলাকারীরা হাতুড়ি ও চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে দুই কর্মীকে আহত করে। পাশাপাশি অফিসের কম্পিউটার, চেয়ার-টেবিল ভাঙচুর করা হয় এবং ড্রয়ারে থাকা আনুমানিক দেড় লাখ টাকা নিয়ে যায়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।