মা হারালেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতার মা হুরন নাহার রশীদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।  

রবিবার (১ মার্চ) ভোর সাড়ে ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন সম্প্রতি অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হুরন নাহার রশিদ ছিলেন সাবেক মন্ত্রী, বিশিষ্ট শিল্পপতি ও মুন্নু গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হারুনার রশিদ খান মুন্নুর সহধর্মিনী। মৃত্যুকালে তিনি দুই মেয়ে আফরোজা খানম রিতা ও পারভিন বেগম, তিন নাতি, দুই জামাতাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ আসর মানিকগঞ্জের মুন্নু সিটিতে অবস্থিত মুন্নু মেডিকেল কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে পরে মেডিকেল কলেজ হাসপাতাল ও মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে স্বামী হারুনার রশিদ খান মুন্নুর কবরের পাশে তাকে দাফন করা হবে।

এদিকে হুরন নাহার রশীদের মৃত্যুতে মানিকগঞ্জ জেলায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মানিকগঞ্জের সংসদ সদস্যরা, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন গণমাধ্যমকর্মী, মুন্নু গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, আত্মীয়-স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা তার রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।