খেজুরের প্যাকেটের আদলে মোড়ানো ৬ হাজার ৯৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
রবিবার (১ মার্চ) দুপুরে এতথ্য নিশ্চিত করেছেন ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান। এরআগে শনিবার রাত ১টার দিকে শিবগঞ্জ উপজেলার ভরিয়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি শংকর চন্দ্র রায় (৫৭)। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের শিংজানি গ্রামের বাসিন্দা।
ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি যাত্রীবাহী বাসে করে ইয়াবার চালান আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ভরিয়া এলাকায় অভিযান চালানো হয়। পরে ‘আদিবা ক্ল্যাসিক পরিবহন’ বাসে তল্লাশি চালিয়ে জি-৩ নম্বর আসনে বসা শংকর চন্দ্র রায়ের কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। ইয়াবাগুলো একটি সাদা প্লাস্টিকের ব্যাগে রাখা ছিল। ব্যাগের ভেতরে স্কচটেপে মোড়ানো তিনটি পলিপ্যাকেট পাওয়া যায়। সেগুলোতে মোট ৬ হাজার ৯৫০টি কমলা রঙের ইয়াবা ট্যাবলেট ছিল।
তিনি আরও বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।