বিদায় বেলাও রেকর্ড সেঞ্চুরিতে রাঙালেন অ্যালিসা হিলি

ব্যাট হাতে মাঠে প্রবেশের মুহূর্তে ভারতের খেলোয়াড়রা সারি বেঁধে অ্যালিসা হিলিকে ‘গার্ড অব অনার’ দিয়ে অভ্যর্থনা জানান। আটবারের বিশ্বকাপ জয়ী এই ওপেনারের জন্য এটি ছিল ক্যারিয়ারের শেষ ওয়ানডে।

বিদায়ী সম্মাননা পেয়ে মাঠে নামার পর হিলি এমন এক ব্যাটিং দেখালেন, যা অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। হোবার্টে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে তিনি খেলেছেন ৯৮ বলে ১৫৮ রানের দৃষ্টিনন্দন ইনিংস। এটি নারী ওয়ানডেতে ক্যারিয়ারের শেষ ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড।

২৪ মার্চ ৩৬ বছর পূর্ণ করতে যাওয়া হিলি জানুয়ারিতেই জানিয়েছিলেন যে ভারত সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। দীর্ঘ দেড় দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে তার অসংখ্য স্মরণীয় ইনিংস রয়েছে; আগের ৭ ওয়ানডে সেঞ্চুরির সঙ্গে আজকের ইনিংসটি তার অষ্টম।

ইনিংসটি ছিল ক্রমবর্ধমান তালে অনবদ্য। ফিফটিতে পৌঁছান ৪৯ বল খেলে, পরের ৩০ বল খেলে সেঞ্চুরি পূর্ণ করেন। এরপর মাত্র ১৬ বলেই ১০০ থেকে ১৫০ রানে পৌঁছান। পায়ের পেশির টান পড়ার পরও তিনি শেষ পর্যন্ত ৩৭তম ওভারে স্নেহ রানার বলে বোল্ড হয়ে ১৫৮ রানে ইনিংস শেষ করেন।

এই ইনিংসের মাধ্যমে হিলি নারী ওয়ানডেতে সর্বশেষ ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙেছেন।  আগের রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার জোহমারি লোগটেনবার্গের, যিনি ২০০৭ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ১৫৩ রান করেছিলেন। ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে হিলির ১৫৮ রান আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ। ২০০৮ সালে নিউজিল্যান্ডের হ্যামেশ মার্শাল আয়ারল্যান্ডের বিপক্ষে ১৬১ রান করেছিলেন।