চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ৮ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪ জন প্রার্থী।
রবিবার (১ মার্চ) বিকাল তিনটায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি শুরু হয় মনোনয়ন পত্র বিতরণ।
নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী এবার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ক্যাম্পাস প্রতিনিধি রেদওয়ান আহমদ ও যুগান্তরের প্রতিনিধি রেফায়েত উল্যাহ রুপক। সহ-সভাপতি পদে নির্বাচন করবেন দেশ রূপান্তর ও বাহান্ন নিউজের চবি প্রতিনিধি আজিম সাগর। তিনি ক্যাম্পাস সাংবাদিকতায় নারী শিক্ষার্থীদের প্রতিবন্ধকতাসহ একাধিক গবেষণা প্রোজেক্টে যুক্ত আছেন। একই পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দৈনিক আমার দেশের প্রতিনিধি আতিকুর রহমান।
সাধারণ সম্পাদক পদে প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি সোহেল রানা। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ডিবিসি নিউজ ও সিটিজি পোস্টের ক্যাম্পাস প্রতিনিধি মুনতাজ আলী, দপ্তর ও প্রচার সম্পাদক পদে ডেইলি অবজার্ভারের প্রতিনিধি জাহিদুল হক ও দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডের গোলাম রাব্বি। অর্থ ও প্রকাশনা সম্পাদক পদে ঢাকা ডায়েরির প্রতিনিধি মহসিন ও দ্যা নেক্সট নিউজের প্রতিনিধি সারওয়ার হোসেন।
ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে স্টার নিউজের এম. মিজানুর রহমান ও এন টিভির প্রতিনিধি ফুয়াদ মন্ডল এবং নির্বাহী সদস্য পদে দৈনিক আজাদীর প্রতিনিধি শামীম হোসাইন ও যমুনা টেলিভিশনের চবি প্রতিনিধি নাজমুল হাসান রাবি।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী। এ ছাড়া তফসিল অনুযায়ী, মঙ্গলবার বেলা এগারটা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ঐদিন বিকাল তিনটায় ঘোষণা করা হবে ফলাফল।