নতুন প্রজন্মের নেতৃত্বেই বাংলাদেশের পরিবর্তন আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
তিনি বলেন, তোমাদের মতো নবীন শিক্ষার্থীদের হাত ধরেই আগামীর বাংলাদেশ বির্নিমাণ হবে। তাই প্রতিনিয়ত নিজেদের দক্ষতা উন্নয়ন করতে হবে।
শনিবার (২৯ আগস্ট) সকাল ৯টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে মোহাম্মদ শিশির মনির এসব কথা বলেন।
তিনি বলেন, এই দেশকে বিশ্বের দরবারে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে আমাদের প্রয়োজন প্রতিভাবান ও যোগ্যতাসম্পন্ন তরুণ সমাজ-নারী-পুরুষ নির্বিশেষে। এমন সুমেধাবী মানুষদেরই আমাদের দরকার, যারা তাদের জ্ঞান ও কাজের মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দেবে। আমাদের সবসময় মনে রাখতে হবে, ব্যক্তিগত বা দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। আমরা যার সঙ্গেই কাজ করি না কেন, মূল লক্ষ্য হতে হবে দেশের কল্যাণ।
রাষ্ট্রের মূল ভিত্তি তিনটি স্তম্ভ শাসন, বিচার ও আইন বিভাগের ওপর গড়ে উঠেছে জানিয়ে শিশির মনির বলেন, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি ও স্পিকার এই তিন অঙ্গের শীর্ষে রয়েছেন মহামান্য রাষ্ট্রপতি। কিন্তু প্রশাসনিক পদ বা এই পিরামিড কাঠামো যতই শক্তিশালী হোক না কেন, যদি সমাজে ন্যায়-নীতি এবং সুশাসন প্রতিষ্ঠা না করা যায়, তবে জনগণ কখনোই আইনের সুফল পাবে না।
মনে রাখবেন, কোনো বড় পদে বসলেই মানুষ সম্মানিত হয়ে যায় না বরং ব্যক্তির যোগ্যতা, নীতি ও কাজের মাধ্যমে পদ সম্মানিত হয় উল্লেখ করে তিনি বলেন, আমাদের শ্রেণিকক্ষেই আমরা দেখি সব শিক্ষকের বড় ডিগ্রি থাকলেও সবাই শিক্ষার্থীদের হৃদয় স্পর্শ করতে পারেন না। শিক্ষকতা কিংবা নেতৃত্ব-সবক্ষেত্রেই প্রকৃত মান ও আন্তরিকতাই আসল মূল্যায়ন তৈরি করে।
সুপ্রিম কোর্টের সিনিয়র এই আইনজীবী বলেন, আজ তরুণদের প্রতি আমার একটাই বার্তা, এই পৃথিবী প্রতিভাবানদের। আপনারা নিজেদের মেধা ও যোগ্যতাকে সুপ্ত রাখবেন না। যদি আপনারা আপনাদের মেধাকে বিকশিত না করেন, তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের এই বাংলাদেশ। আর যদি আপনারা মেধা ও নিষ্ঠা নিয়ে এগিয়ে আসেন, তবে এই দেশ নিশ্চিতভাবেই এক নতুন ও উজ্জ্বল ভবিষ্যতের দিশা পাবে। আসুন, আমরা সবাই মিলে আমাদের যোগ্যতাকে কাজে লাগিয়ে এই প্রিয় জন্মভূমিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাই।
চাকসু ভিপি ও চবি ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আতিয়ার রহমান, চাকসুর সাবেক ভিপি ও চবি ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. জসিমউদদীন সরকারসহ অনেকেই।