পুলিশের ওপর হামলা করে দুই আসামি ছিনতাই, পরে গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে আসামি গ্রেপ্তার করতে গিয়ে মারধরের শিকার হয়েছে পুলিশ। এ সময় মব সৃষ্টি করে পুলিশের কাছ থেকে দুই আসামি ছিনতায়ের ঘটনা ঘটেছে। আজ রবিবার (১ মার্চ) ইফতারের সময় উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্ৰামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে আধা ঘণ্টা পর অতিরিক্ত পুলিশ গিয়ে ছিনিয়ে নেওয়া আসামিদের ফের গ্রেপ্তার করে। এ মবের সঙ্গে জড়িত থাকায় আরও তিনজনকে আটক করা হয়। গ্রেপ্তার আসামিদের একজন মনির হোসেন ও অপরজন সাদি আল আদিল।

টাঙ্গাইল সদর থানার একটি মামলার আসামি ছিলেন তারা। তবে হামলার পরে আটক অন্যদের পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। পুলিশ জানায়, টাঙ্গাইল সদর থানায় দায়ের করা একটি মামলার আসামিদের ধরতে ওই থানার কয়েকজন সদস্য শ্রীপুর থানায় আসেন। পরে কর্তৃপক্ষের নির্দেশে আসামি ধরতে অভিযান চালানো হয়।

শ্রীপুর মডেল থানার এসআই তাজুল ইসলাম জানান, অভিযানে গিয়ে পুলিশ হামলার শিকার হয়। নিজমাওনা গ্রামে গিয়ে পুলিশ অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত আসামিদের নিয়ে বাড়ি থেকে সড়কে ওঠার সময় হঠাৎ ওই এলাকার অর্ধশতাধিক নারী-পুরুষ পুলিশকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া মিছিল করতে থাকে। একপর্যায়ে তারা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় দুই আসামি ছিনিয়ে নেয় তারা। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ এসে তাদের সহযোগিতা করলে ফের ছিনিয়ে নেওয়া আসামিদের গ্রেপ্তার করা হয়।

শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ নাছির আহমেদ জানান, ঘটনার মূল আসামিসহ মোট পাঁচজনকে অভিযান চালিয়ে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশের ওপর হামলা চালিয়ে তাদের মধ্যে দুজনকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।