বিজিবি ক্যাম্পে ঢুকে হুমকি, বিএনপির ৪ নেতাসহ আটক ৬

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পিএম

লালমনিরহাটের পাটগ্রামে নদী থেকে অবৈধভাবে পাথর তোলায় ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ করার জের ধরে বিজিবি ক্যাম্পে ঢুকে চড়াও হওয়া, হুমকি দেওয়া এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে চার বিএনপি নেতাসহ ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার রাতে উপজেলার আলাউদ্দিন নগর বিজিবি ক্যাম্পে এই ঘটনা ঘটে। পরে বিজিবির দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে তাদের আদালতে পাঠায় পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মী মতিউর রহমান, শাহাদাত হোসেন ও দুলাল মিয়া।

পুলিশ ও বিজিবি জানায়, মঙ্গলবার রাতে উপজেলার আলাউদ্দিন নগর মেচেরঘাট এলাকায় ধরলা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবির একটি টহল দল। সেখানে অভিযান চালিয়ে একটি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়।

ড্রেজার মেশিন জব্দের খবর পেয়ে বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীদের একটি দল আলাউদ্দিন নগর বিজিবি ক্যাম্পে ঢোকে। তারা দায়িত্বরত বিজিবি সদস্যদের সঙ্গে হাতাহাতিতে লিপ্ত হন এবং হুমকি-ধমকি দিয়ে জব্দ করা ড্রেজার মেশিনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান। এ সময় বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ঘটনাস্থল থেকেই ওই ছয়জনকে আটক করেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল রহমান বলেন, ‌‘বিজিবি ক্যাম্পে ঢুকে দায়িত্বরত সদস্যদের হুমকি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিজিবির পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক ছয়জনকে আদালতে পাঠানো হয়েছে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত