অন্ধ্রপ্রদেশে কারখানায় বিস্ফোরণে নিহত ১৮

ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাডা জেলায় একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে; আহতদের মধ্যে দুজনের অবস্থা সংকটজনক। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, গত শনিবার ‘সূর্য শ্রী ফায়ারওয়ার্কস’ নামের কারখানায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভেটলাপালেম গ্রামের একটি খালের পাশে অবস্থিত কারখানায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকেও শোনা যায়। তীব্র কম্পনে পাশের একটি স্কুল ভবনে ফাটল দেখা দিয়েছে। নিহতদের অধিকাংশই নারী শ্রমিক। গুরুতর আহত অন্তত আটজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে পুড়ে অনেক মরদেহ বিকৃত হয়ে যাওয়ায় শনাক্ত কাজে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে কর্র্তৃপক্ষ।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের অভিযোগ, কারখানায় অনুমোদিত সীমার চেয়ে বেশি আতশবাজি মজুদ ও উৎপাদন করা হচ্ছিল, যা বিস্ফোরণের কারণ হতে পারে। এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। ঘটনার পর তিনি হতাহতের বিষয়ে তাৎক্ষণিক খোঁজ নেন এবং দ্রুত উদ্ধার ও চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেন।

এদিকে, অন্ধ্রপ্রদেশের পর মহারাষ্ট্রের নাগপুরের একটি বারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছে। গতকাল রবিবার সকালে নাগপুরের কাটোল নগরের রাউলগাওঁয়ে একটি খনি ও শিল্প বিস্ফোরক উৎপাদনকারী সংস্থায় ভয়ঙ্কর বিস্ফোরণ।