বাংলাদেশি নাগরিকদের খোঁজখবর নিচ্ছেন প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে সেখানে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের খোঁজখবর নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে সার্বিক পরিস্থিতি জানাতে রাজধানীর সচিবালয়ে গতকাল তার সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও সেখানে ছিলেন।

হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, বাংলাদেশের নাগরিকদের মধ্যে যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আছেন, তাদের নিরাপত্তা, যুদ্ধ পরিস্থিতিতে ফ্লাইট বাতিল হওয়ার কারণে ঢাকাসহ বিভিন্ন দেশে বিমানবন্দরে আটকেপড়া নাগরিকরা যাতে অসুবিধা বোধ না করেন, সেজন্য ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। ইরানে শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা; ইসরায়েল, ইউএই, কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটিসহ অনেক স্থানে ইরানের পাল্টা হামলার পর যুদ্ধাবস্থা তৈরি হয়।

ইরানের ড্রোনের আঘাতে সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। একই ধরনের আঘাতে কুয়েতে চার বাংলাদেশি আহত হয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে গতকাল রবিবার ইরানের ড্রোনের হামলায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের একজন করে নাগরিক রয়েছেন।

আমিরাত বলছে, হামলায় ৫৮ জন আহত হয়েছে। তবে তাদের আঘাত গুরুতর নয়। আহতদের মধ্যে বাংলাদেশসহ ১৫ দেশের নাগরিক আছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে ইরানে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করে। সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, ইরানের বিভিন্ন স্থানে প্রায় ৪০০ বাংলাদেশি আছে।