নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নতুন কমিটি নির্বাচিত হয়েছে। নতুন কার্যনির্বাহী কমিটিতে দৈনিক যুগান্তরের কাজী জেবেল সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলানিউজের ইকরাম-উদ-দৌলা।
গতকাল রবিবার নির্বাচন কমিশনের ‘মিডিয়া সেন্টারে’ আরএফইডি সদস্যদের ভোটে এক বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি ২০২৬-এর নির্বাচন অনুষ্ঠিত হয়।
কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন কাজী ফরিদ আহমদ (বৈশাখী টেলিভিশন)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে এ এম লিংকন (বাংলাবাজার), অর্থ সম্পাদক এস এম নাঈম (আরটিএনএন), সাংগঠনিক সম্পাদক মো. আল-আমিন (টাইমস অব বাংলাদেশ), দপ্তর সম্পাদক নাজনীন লাকী (সারাবাংলা) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তোফাজ্জল হোসেন (সময় টিভি)।
নির্বাচিত সদস্যরা হলেন বেলায়েত হোসেন (এখন টেলিভিশন), মহিউদ্দিন আলমগীর জুয়েল (ডেইলি স্টার) রিয়াজ হোসেন (দেশ রূপান্তর) মাসুদ রায়হান পলাশ (কালের কণ্ঠ) ও জাহিদুল ইসলাম (আমার দেশ)।
আরএফইডি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ইকরাম-ফরিদ-আলআমিন : রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) প্রবর্তিত নির্বাচন ও গণতন্ত্রবিষয়ক বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ইকরাম, ফরিদ ও আল আমিন। গতকাল রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও পুরস্কারের অর্থ তুলে দেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
নির্বাচন কমিশনে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) নির্বাচন ও গণতন্ত্রবিষয়ক পুরস্কারটি ২০২৪ সালে প্রবর্তন করে প্রয়াত সাংবাদিক হোসাইন জাকিরের নামে।
অনলাইন ক্যাটাগরিতে বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট ইকরাম-উদ-দৌলা (দ্বিতীয়বার), টেলিভিশন ক্যাটাগরিতে বৈশাখী টিভির সিনিয়র রিপোর্টার কাজী ফরিদ আহমদ, ইংরেজি দৈনিক ডেইলি টাইমস অব বাংলাদেশের স্টাফ রিপোর্টার আল আমিন এই পুরস্কার অর্জন করেন।
ভারপ্রাপ্ত সিইসি আব্দুর রহমানেল মাছউদ এ সময় সাংবাদিকদের দায়িত্ববোধ থেকে মানুষের কাছে সঠিক তথ্য, ভালো তথ্য পরিবেশনের প্রতি জোর দেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে জুরিবোর্ড সদস্য সাংবাদিক কাজী হাফিজ, হারুণ আল রশিদ, মঈনুল হক চৌধুরী, আরএফইডি সভাপতি কাজী এমাদউদ্দীন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী উপস্থিত ছিলেন।