ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু একদিনে ভর্তি ১৫৬১

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ এএম

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৫৬১ জন নতুন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৫১ হাজার ৮৩৭ জনে এবং মৃত্যুর সংখ্যা ১৪৯ জনে পৌঁছেছে।

গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঢাকা বিভাগ (ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন বাদে) ৩০৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ১৭৬, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ১৪৪, খুলনায় ২৭৫, বরিশালে ২০২, চট্টগ্রামে ১৮১, ময়মনসিংহে ৯৩, রাজশাহীতে ১০৪, রংপুরে ৭৩ ও সিলেটে ছয়জন ভর্তি হয়েছে। সব মিলিয়ে ঢাকার দুই সিটি করপোরেশনে নতুন ভর্তি হয়েছে ৩২০ জন এবং ঢাকার বাইরে ঢাকা বিভাগে ভর্তি হয়েছে ৩০৭ জন। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে চট্টগ্রাম বিভাগে দুজন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) একজন, খুলনা বিভাগে দুজন, ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু থেকে সুস্থ হয়ে ১ হাজার ৩৯৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ৪৮ হাজার ৯৩ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৫৯৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সেপ্টেম্বরে ১৩ দিনে ভর্তি হয়েছে ১৫ হাজার ৯৯১ জন, আগস্টে ২০ হাজার ৫৩৬, জুলাইয়ে ছিল ৯ হাজার ২০৬, জুনে ২ হাজার ৯০৭, মে মাসে ৭১৪, এপ্রিলে ৬৪০, মার্চে ৩৫৩, ফেব্রুয়ারিতে ৪০৯ জন এবং জানুয়ারিতে ১ হাজার ৮১ জন।

সেপ্টেম্বর মাসেই সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ৫২ জনের। আগস্টে মারা গেছে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩, মে মাসে এক, ফেব্রুয়ারি এবং জানুয়ারিতে দুজন করে।

সর্বশেষ সর্বাধিক পঠিত