ইরানে হামলা বন্ধের আহ্বান জানিয়ে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। তিনি বলেন, এভাবে হামলা-পাল্টা হামলা চলতে থাকলে বিশ্বের শান্তি বিনষ্ট হবে। এ ক্ষেত্রে জাতিসংঘকে কার্যকর ভূমিকা রাখতে হবে। ইরানের ওপর ইসরায়েলের বর্বর হামলা এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার প্রতিবাদে ঢাকা মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। গতকাল রবিবার বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল শুরু করে পল্টন, বিজয় নগর, নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয়।
মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। আয়াতুল্লাহ আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের হত্যাকা- এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যার তীব্র নিন্দা জানিয়ে তিনি প্রশ্ন রাখেন, যারা গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলে, তারা কীভাবে একটি স্বাধীন দেশে হামলা চালিয়ে নিরীহ মানুষকে হত্যা করে? তিনি জাতিসংঘ ও ওআইসিকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
জামায়াত আমিরের নিন্দা : মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এ নিয়ে গতকাল রবিবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘সম্প্রতি ইরানে সামরিক হামলা এবং এর পরবর্তী সময়ে প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সংঘাতের বিপজ্জনক বিস্তারকে নির্দেশ করে, যা সমগ্র অঞ্চলকে অস্থিতিশীল করে তোলার আশঙ্কা সৃষ্টি করেছে। জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টকারী যে কোনো হামলার আমরা দ্ব্যর্থহীন নিন্দা জানাই।’