আনোয়ারা ও রূপগঞ্জে পৃথক ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় মাচা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের গুন্দ্বীপপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. সিয়াম ও মো. আনিস। সিয়ামের বাড়ি কুষ্টিয়া ও আনিসের রাজশাহী জেলায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ছয় শ্রমিক মিলে নির্মাণাধীন ছয়তলা ভবনের বাইরের অংশে পলেস্তারার কাজ শুরু করেন। একপর্যায়ে ভবনের রেলিংয়ের পাশে দাঁড়িয়ে কাজ করার সময় হঠাৎ রেলিং ভেঙে নিচে থাকা মাচার ওপর পড়ে যান সিয়াম ও আনিস। এতে মাচাটিও ভেঙে নিচে ধসে পড়ে। ঘটনাস্থলেই সিয়ামের মৃত্যু হয়। সহকর্মীরা গুরুতর অবস্থায় আনিসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ক্রেনের তার ছিঁড়ে গ্রাফ পড়ে দুই শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকার ট্রাইকম ঘাটে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সিরাজগঞ্জ জেলার তারাজ থানার নৌখাদা এলাকার আলামিন ও একই থানার নাদোর সহিদপুর এলাকার আমিন মিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শীতলক্ষ্যা নদীর তীরে ট্রাইকম গ্রুপের মালামাল আনলোডের জন্য একটি ঘাট রয়েছে। গতকাল সন্ধ্যা ৬টার দিকে ক্রেনচালক আমিনুল ইসলাম জাহাজ থেকে ক্রেন দিয়ে গম আনলোড করছিলেন। ক্রেনের নিচে কাজ করছিলেন তিন শ্রমিক। এ সময় নিচে কাজ করার ক্রেনের তার ছিঁড়ে গ্রাফ পড়ে ঘটনাস্থলেই আলামিন নিহত হন। আমিনকে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।