সুপ্রিম কোর্ট বারে নির্বাচন পিছিয়ে ১৩ ও ১৪ মে

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোটগ্রহণের তারিখ পিছিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৩ ও ১৪ মে এ নির্বাচন হবে। গতকাল রবিবার সুপ্রিম কোর্ট বারের অ্যাডহক কমিটির বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি বিশেষ সভায় আগামী ১১ ও ১২ মার্চ সুপ্রিম কোর্ট বারে নির্বাচনের সিদ্ধান্ত হয়। ওইদিন নির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়। তবে, এ সময় পবিত্র রমজান মাস থাকায় আইনজীবীরা নির্বাচনের তারিখ পেছানোর দাবি জানান। সুপ্রিম কোর্ট বারের ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন দেশ রূপান্তরকে বলেন, ‘বর্তমান কমিটির মেয়াদ ৩১ মার্চ শেষ হচ্ছে। সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটি শুরু হচ্ছে ১৩ মার্চ (১৮ এপ্রিল পর্যন্ত) থেকে। আমাদের লক্ষ্য ছিল অবকাশের আগেই (১১ ও ১২ মার্চ) নির্বাচনের আয়োজন করা। কিন্তু এ সময় রমজান থাকায় আইনজীবীদের মতামতকে গুরুত্ব দিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।’

সুপ্রিম কোর্ট বারে নির্বাচনের আয়োজন করে দায়িত্বে থাকা কার্যনির্বাহী কমিটি। সর্বোচ্চ আদালতের আইনজীবীদের বারে সর্বশেষ নির্বাচন হয়েছে ২০২৪ সালের মার্চের দ্বিতীয় সপ্তাহে। ওই নির্বাচনে সভাপতি ও তিন কার্যনির্বাহী সদস্যসহ চারটিতে বিএনপি সমর্থকরা এবং সম্পাদকসহ ১০টিতে আওয়ামী সমর্থকরা জয়ী হন। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বারের আওয়ামীপন্থি নেতারা আত্মগোপনে চলে যান। ওই বছরের সেপ্টেম্বরে সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকনকে রেখে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের বিভিন্ন পদে অন্তর্ভুক্ত করে অ্যাডহক কমিটি গঠন করেন বিএনপিপন্থি আইনজীবীরা। সভাপতি, সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে ভোটগ্রহণ হয়ে থাকে। এবার ১১ হাজারের কিছু বেশি আইনজীবী ভোট দেবেন।