স্বর্ণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ল রুপার দামও

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপালংকারের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। আজ সোমবার (২ মার্চ) সকাল ৯টা ৩০ মিনিটে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক জরুরি সভায় এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এই দর আজ সকাল ১০টা থেকেই সারা দেশে কার্যকর হয়েছে।

বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২৩,৫০০ টাকা। সেই হিসেবে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের বর্তমান বাজারদর দাঁড়িয়েছে ২,৭৪,১০৪ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি ২,৬১,৬৬২ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম ২,২৪,৩৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির স্বর্ণালংকারের ক্ষেত্রে প্রতি ভরির দাম পড়বে ১,৮৩,৫২১ টাকা।

স্বর্ণের পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে রৌপালংকারের দামও। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ককৃত রৌপ্যের ভরি দাঁড়িয়েছে ৭,১৭৫ টাকা। ২১ ক্যারেট রৌপ্যের দাম ৬,৮৮২ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ৫,৮৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির রৌপালংকার এখন থেকে ভরিপ্রতি ৪,৪৩৪ টাকায় বিক্রি হবে।

বাজুস স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন বিক্রয়মূল্য বজায় থাকবে। একই সঙ্গে ক্রেতাদের মনে করিয়ে দেওয়া হয়েছে যে, অলংকার কেনার সময় সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট পরিশোধ করা বাধ্যতামূলক, যা জুয়েলারি প্রতিষ্ঠানগুলো সরকারি কোষাগারে জমা দেবে।