পুনর্মূল্যায়নের আবেদনকৃতদের বিশেষ বিবেচনায় এবং এক সাবজেক্ট পাশ নিশ্চিতকরণসহ চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ডিগ্রি তৃতীয় বর্ষ-২০২৩ শিক্ষার্থীরা। সোমবার (২মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষার্থীরা তাদের চার দফা দাবি জানিয়ে বলেন, আমরা ডিগ্রি তৃতীয় বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা দীর্ঘ প্রায় ৬ বছর ধরে স্নাতক (ডিগ্রি) শিক্ষা শেষ করতে পারিনি। সেশনজট, পরীক্ষা বিলম্ব, ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রতা, দেশের রাজনৈতিক অস্থিরতা, জুলাই গণ-অভ্যুত্থান, করোনা মহামারিসহ নানা সমস্যায় আমাদের শিক্ষাজীবন অস্বাভাবিকভাবে দীর্ঘ হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের পুনর্মূল্যায়ন সংক্রান্ত পরীক্ষার ফলাফল গত ২৫ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছে। কিন্তু ফলাফল প্রকাশের পরও বহু নিয়মিত ও মেধাবী শিক্ষার্থী অল্প নম্বরের ব্যবধানে অকৃতকার্য হিসেবে রয়ে গেছে। এতে আমাদের দীর্ঘদিনের শ্রম ব্যর্থ হয়ে যাচ্ছে এবং শিক্ষাজীবন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। তাদের দাবি উক্ত ফলাফল সুষ্ঠু ও ন্যায়সঙ্গতভাবে মূল্যায়ন করা হয়নি। শিক্ষার্থীরা স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে পরীক্ষার খাতা দেখার সুযোগ দেয়া এবং ফলাফল পুনর্মূল্যায়নে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
এ সময় শিক্ষার্থীরা তাদের ৪ দফা দাবি তুলে ধরে বলেন, প্রকাশিত ফলাফল পুনর্মূল্যায়ন করা শিক্ষার্থীদের গ্রেস মার্ক প্রদানের মাধ্যমে পাশ নিশ্চিত করতে হবে, এক বিষয় আটকে থাকা শিক্ষার্থীদের বিশেষ বিবেচনায় রেখে পাশ নিশ্চিত করতে হবে। পরীক্ষার উত্তরপত্র শিক্ষার্থীদের দেখার সুযোগ দেয়া এবং দ্রুত ফলাফল প্রকাশ করে শিক্ষার্থীদের প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তির সুযোগ দিতে হবে।