ছাত্রকে দিয়ে উত্তরপত্র মূল্যায়ন, সেই পরীক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ এএম

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে পরীক্ষক নিজে পরীক্ষার উত্তরপত্র না দেখে তার ছাত্রকে দিয়ে মূল্যায়নের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। জানা যায়, নরসিংদী জেলার মাধবদী উপজেলাধীন গদাইরচর আছিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ইসলামের ইতিহাস বিষয়ের সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দিন আলিম পরীক্ষার ২০২৬ সালের উত্তরপত্র নিজে না দেখে তার ছাত্রদের দিয়ে মূল্যায়ন করেছেন।

বিষয়টি দৃষ্টিগোচর হওয়া মাত্র শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

নির্দেশনার পর, গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অভিযুক্তের বিরুদ্ধে মাধবদী থানায় পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০-এর অধীনে মামলা দায়ের করেন।

ইতিমধ্যে উত্তরপত্র মূল্যায়নে বিধিবহির্ভূত কর্মকাণ্ডের দায়ে মো. নাসির উদ্দিনকে পরীক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া তাকে বোর্ডের যাবতীয় পরীক্ষা সংক্রান্ত কার্যক্রমে আজীবন দায়িত্ব পালনে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত