সাইপ্রাসে রাতের একটি ড্রোন হামলায় ব্রিটেনের রয়্যাল এয়ার ফোর্সের আক্রোটিরি ঘাঁটিতে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার (২ মার্চ) সাইপ্রাসের প্রেসিডেন্ট এবং ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছেন। হামলাটি মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে।
সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোদুলিডেস বলেন, “গণপ্রজাতন্ত্রের সকল সক্ষম সেবা সংস্থা সর্বোচ্চ সতর্কতা ও সম্পূর্ণ কার্যক্রমে প্রস্তুত রয়েছে।” তিনি জানান, হামলায় ব্যবহৃত শাহেদ ধরনের ড্রোন ঘাঁটিতে সামান্য ক্ষয়ক্ষতি করেছে। প্রেসিডেন্ট আরও স্পষ্ট করেন, “আমাদের দেশ কোনোভাবেই কোনো সামরিক অপারেশনে অংশগ্রহণ করে না এবং করার কোনো ইচ্ছা নেই।”
ড্রোনটি কোথা থেকে ছোড়া হয়েছে তা এখনো নিশ্চিত নয়। রয়টার্সের সূত্রে জানা গেছে, ব্রিটিশ ঘাঁটিগুলি দ্বিতীয় একটি ড্রোনও আটকিয়েছে।
আক্রোটিরি ঘাঁটি লিমাসলের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এবং সাইপ্রাস স্বাধীনতার পর থেকে ব্রিটেনের কাছে থাকা দুটি ঘাঁটির মধ্যে একটি। ঘাঁটিটি ব্রিটিশ সার্বভৌমত্বাধীন হলেও, সাইপ্রাস নিজেই একটি ইইউ সদস্য দেশ এবং বর্তমানে ইউনিয়নের প্রেসিডেন্সি ধারণ করছে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সীমিত প্রতিরক্ষামূলক পদক্ষেপে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুরোধ করা হয়। এই অনুরোধ গুরুত্বসহকারে বিবেচনা করে যুক্তরাজ্য সরকার সম্মতি দিয়েছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, “আমাদের মূল লক্ষ্য হলো ইরানকে প্রতিরোধ করা, যাতে তারা নিরীহ মানুষকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র চালাতে না পারে এবং সংঘাতের বাইরে থাকা দেশগুলো আক্রান্ত না হয়।”