দিনাজপুরের হাকিমপুরের হিলিতে ‘শুধু নয় ইফতার নিশ্চিত হোক দুবেলার আহার’ এই শ্লোগানে টিফিন ও হাত খরচের টাকা বাঁচিয়ে গরীব অসহায় দুস্থ মানুষের মাঝে ইফতার ও সেহরির সামগ্রী বিতরণ করছে শিক্ষার্থীরা।
১ রমজান থেকে তাদের এই ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে যা পুরো রমজান মাস জুড়েই চলবে। তাদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় প্রশাসন।
দেশের বিভিন্ন স্কুল ও কলেজ অধ্যায়নরত হিলির শিক্ষার্থীদের নিয়ে গড়া ‘তারুণ্য শক্তি’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির সদস্যরা তাদের বাবা মার দেওয়া টিফিন ও হাতখরচের টাকা বাঁচিয়ে সেই টাকা দিয়ে গরীব অসহায় দুস্থ মানুষদের সহায়তা করে আসছেন।
২০১৮ সালে গড়ে তোলা এই সংগঠনটির সদস্য সংখ্যা ১৬০ জন। তারা করোনা কালীন সময় থেকে বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছেন। রমজান ও সেহরি সহায়তা প্যাকেজের মধ্যে থাকছে ৫ কেজি চাল, ১ লিটার তেল, এক কেজি করে মসুর ডাল, ছোলা, চিনি, হাফ কেজি খেজুর, শরবতের মিনিপ্যাক।
খাদ্য সামগ্রী পেয়ে আরজেনা বেগম বলেন, আগে কত কষ্ট কইরা ইফতার করতে হইতো। ইফতারির কোন কিছু কিনতে না পারায় শুধু ভাত দিয়ে ইফতারি করতাম। এখন সুবিধা হবে আল্লাহর রহমতে ইফতারি ও সেহরি করা সুবিধা হবে। তোমরা যে খাবার দিলেন তাতে করে সাতদিন ইফতারি সেহরি খাওয়া সুবিধা হবে।
বেলাল হোসেন বলেন, আমি তো বর্তমানে অসুস্থ। প্যারালাইস হয়ে পড়ে আছি বাবা। কোনো কাজকর্ম করতে পারি না। খাওয়া দাওয়া নেই খুব কষ্টে জীবন যাপন করছি। তোমাদের এই সাহায্য পেয়ে আল্লাহর ওয়াস্তে আমাদের খুব সুবিধা হবে। যেটুকু পাইছি তাই দিয়ে কয়েকদিন আমরা ইফতারি সেহরি করতে পারবো রোজা রাখতে পারবো।
তারুণ্য শক্তির সভাপতি নুশরাত ফারিয়া শৈলী বলেন,আমাদের রমজানের এই কার্যক্রম, যেটা আমাদের শুধু নয় ইফতার, নিশ্চিত হোক দুবেলার আহার। এই প্রতিপাদ্যটা এসেছে আসলে বিগত তিন বছর থেকে। ইনশাআল্লাহ আমাদের পুরো রমজান জুড়েই আমাদের এই কার্যক্রমটা অব্যাহত থাকবে।
তারুণ্য শক্তির উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন বলেন,আমাদের এই কার্যক্রম শুরু থেকেই হয়ে আসছে। আর আমাদের যারা সদস্য সবাই মোটামুটি শিক্ষার্থী। শিক্ষার্থীদের টিফিনের পয়সা থেকেই আমাদের এই সংগঠনটা পরিচালিত হয়।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেন,তারুণ্য শক্তি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের হাকিমপুর উপজেলায় বিভিন্ন হতদরিদ্র মানুষ রয়েছে তাদের মাঝে ইফতার ও সেহরি সামগ্রি বিতরণ করছে এটা খুবই ভালো উদ্যোগ। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।