উদ্বেগ কাটিয়ে দেশে ফিরলেন মুশফিক; 'আল্লাহ সব কিছু সহজ করে দিয়েছেন'

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সৌদি আরবে আটকা পড়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম অবশেষে নিরাপদে দেশে ফিরেছেন। দীর্ঘ উৎকণ্ঠার পর সোমবার (২ মার্চ) তিনি বাংলাদেশে পা রাখেন। মুশফিকের নিরাপদে ফেরা নিশ্চিত হওয়ার পর স্বস্তির নিঃশ্বাস ফেলছে তার পরিবার ও ভক্তরা।

পবিত্র ওমরাহ পালন শেষে ২৮ ফেব্রুয়ারি ভোরে বাংলাদেশের উদ্দেশে রওয়ানা হয়েছিলেন মুশফিকুর রহিম। পরিকল্পনা অনুযায়ী জেদ্দা থেকে দুবাই হয়ে তার ঢাকা ফেরার কথা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যে হঠাৎ উদ্ভূত যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথ বন্ধ হয়ে গেলে দুবাই থেকে মুশফিককে বহনকারী বিমানটি পুনরায় জেদ্দায় ফিরে যেতে বাধ্য হয়। এরপর দীর্ঘ সময় তিনি জেদ্দা বিমানবন্দরেই অবস্থান করছিলেন।

মুশফিকের আটকা পড়ার খবর ছড়িয়ে পড়লে ক্রীড়াঙ্গনে গভীর উৎকণ্ঠা তৈরি হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি সরাসরি মুশফিক এবং ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন। ১ মার্চ প্রতিমন্ত্রী আশ্বস্ত করেছিলেন যে, মুশফিকের ফেরার প্রক্রিয়া শুরু হয়েছে। অবশেষে সব বাধা পেরিয়ে রোববার দিবাগত রাতে তিনি দেশের উদ্দেশে রওয়ানা হন।

সকালে বিমানের একটি ফ্লাইটে দেশে ফেরেন মুশফিকুর রহিম

মুশফিকের নিরাপদে ঘরে ফেরার খবর নিশ্চিত করেছেন তার স্ত্রী জান্নাতুল কিফায়াত মণ্ডি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তায় তিনি লিখেছেন: "আলহামদুলিল্লাহ মুশফিক নিরাপদে বাড়ি পৌঁছেছে। আল্লাহ সুবহানাতায়ালা তার জন্য সব কিছু সহজ করে দিয়েছেন। যারা চিন্তিত ছিলেন এবং আমাকে মানসিক সমর্থন দিয়েছেন সবাইকে ধন্যবাদ।"

একই সাথে তিনি বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, "আমরা দোয়া করি যেন বিশ্বের পরিস্থিতি শান্ত হয়ে যায় এবং দ্রুত সব ঠিক হয়ে যায়।"