ইরানের বিশ্বকাপ বয়কটের আশংকা, বিকল্প হতে পারে দুই দেশ

বর্তমান ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের জেরে ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। ফিফার নিয়ম অনুযায়ী, ইরান যদি বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নেয় বা খেলতে অপরাগতা প্রকাশ করে, তবে তাদের পরিবর্তে অন্য দুটি দেশের সামনে সুযোগ আসতে পারে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ব্যর্থ হওয়ায় 'আসন্ন হুমকি' মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই উত্তপ্ত পরিস্থিতির কারণে আগামী জুন মাসে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ এখন বড় প্রশ্নের মুখে। ইরান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহেদি তাজ জানিয়েছেন যে, বর্তমান পরিস্থিতিতে ইরানের পক্ষে বিশ্বকাপে অংশ নেওয়া 'অসম্ভব' বলে মনে হচ্ছে। ইতোমধ্যে ইরানের ঘরোয়া লিগও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

ফিফার জেনারেল সেক্রেটারি ম্যাথিয়াস গ্রাফস্ট্রোম জানিয়েছেন, তারা বিশ্বজুড়ে চলমান এই পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছেন। তবে এখনই চূড়ান্ত কোনো মন্তব্য করাকে তিনি 'অকাল' বলে অভিহিত করেছেন। তিনি বলেন: "আমাদের মূল লক্ষ্য হলো সকল দলের অংশগ্রহণে একটি নিরাপদ বিশ্বকাপ আয়োজন করা। আমরা আয়োজক দেশগুলোর সরকারের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি।"

যদি ইরান শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ না নেয়, তবে ফিফার বিধি অনুযায়ী তাদের জায়গায় বিকল্প দল অন্তর্ভুক্ত করা হবে। এক্ষেত্রে প্রধানত দুটি সম্ভাবনা উঠে এসেছে:

  • সংযুক্ত আরব আমিরাত: এশীয় অঞ্চলের বাছাইপর্বে ইরানের ঠিক নিচেই অবস্থান ছিল তাদের। তাই সরাসরি বিকল্প হিসেবে ইউএই-র নাম সবার আগে আসছে।
  • ইরাক- বর্তমানে ইরাক ইন্টার-কনফেডারেশন প্লে-অফে রয়েছে। ফিফা চাইলে ইরাককে সরাসরি বিশ্বকাপের মূল পর্বে (গ্রুপ-জি) জায়গা দিতে পারে এবং ইরাকের খালি হওয়া প্লে-অফ পজিশনে আরব আমিরাতকে সুযোগ দিতে পারে।

যদি সময় স্বল্পতার কারণে কোনো দেশকেই প্রতিস্থাপন করা সম্ভব না হয়, তবে গ্রুপ-জি (বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ড) তিনটি দল নিয়ে পরিচালিত হতে পারে। বিশ্বকাপের সূচি অনুযায়ী, আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ইরানের প্রথম ম্যাচ খেলার সূচী রয়েছে।