এমপিওভুক্ত শিক্ষকদের আসন্ন ঈদুল ফিতরের উৎসব ভাতার টাকা পেতে বিল সাবমিট করতে বলেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ৪ মার্চের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানের বিল সাবমিট করতে বলা হয়েছে।
সোমবার (২ মার্চ) মাউশির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি এম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ইএফটিতে (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) দেওয়া হচ্ছে। চলতি বছরের জুলাই মাস পর্যন্ত সরাসরি শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক হিসাব নম্বরে অর্থ প্রেরণ করা হয়েছে। তবে আগস্ট ২০২৫ থেকে ইএফটির মাধ্যমে অর্থ প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানকে এমপিওভুক্ত জনবলের বিল জমা দেওয়ার ব্যবস্থা অনলাইনে যুক্ত করা হয়েছে।
প্রতিষ্ঠান প্রধান তাঁর প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে ইএমআইএস সিস্টেমের এমপিও ইএফটি মডিউলে লগ-ইন করে বিল জমা দেবেন। প্রত্যেক শিক্ষক-কর্মচারীর জন্য বিধিমোতাবেক প্রাপ্য অর্থ সঠিকভাবে নির্ধারণ করে আলাদাভাবে বিল জমা দিতে হবে। প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা তথ্যের ভিত্তিতেই সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে এমপিওর অর্থ পাঠানো হবে।
এমপিও তালিকাভুক্ত কোনো শিক্ষক-কর্মচারী মৃত্যুবরণ করলে বা পদত্যাগ করলে সংশ্লিষ্ট মাসে তাঁর প্রাপ্যতা নির্ধারণ করে বিল সাবমিট করতে হবে। সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনো কারণে আংশিক বা পূর্ণ বেতন কর্তনের প্রয়োজন হলে বিল সাবমিটের সময় তা উল্লেখ করতে হবে। ভুল তথ্যের কারণে অর্থ প্রেরণে জটিলতা বা অতিরিক্ত অর্থ প্রেরণ হলে এর দায়ভার প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।
মাউশি জানায়, আগামী ৪ মার্চের মধ্যে ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে উৎসব ভাতার বিল সাবমিট করতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের অনুরোধ করা হয়েছে। শুধুমাত্র আইবাসে যাচাইকৃত বৈধ জনবলের তথ্যই বিল সাবমিটের আওতায় এসেছে। যাঁদের তথ্য এখনো ভুল রয়েছে, সেগুলো সংশোধন ও যাচাই সাপেক্ষে পরবর্তীতে যুক্ত করা হবে।