ত্রয়োদশ সংসদের চিফ হুইপ ও ৬ হুইপ নিয়োগ

ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ এবং ছয়জন হুইপ নিয়োগ দেওয়া হয়েছে। চিফ হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনিকে। গতকাল সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলার সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

চিফ হুইপের পাশাপাশি নিয়োগ পাওয়া ছয়জন হুইপ হলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জিকে গউস, খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের মো. আখতারুজ্জামান মিয়া ও লক্ষ্মীপুর-৪ আসনের এবিএম আশরাফ উদ্দিন (নিজাম)।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপরা সংসদীয় কার্যপদ্ধতি বিধি অনুযায়ী স্পিকারকে সহায়তা এবং সংসদে দলীয় শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বিএনপি। এরপর ১৭ ফেব্রুয়ারি দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়। ১২ মার্চ নবনির্বাচিত সংসদের প্রথম অধিবেশন বসার কথা রয়েছে। সংসদ অধিবেশন শুরুর আগেই এই গুরুত্বপূর্ণ সংসদীয় পদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হলো।