সাধারণ পরিষদের অধিবেশন

২১ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ এএম

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৬ সেপ্টেম্বর তিনি সেখানে অবস্থান করবেন। গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নতুন পথচলা ও ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরবেন ঠিক কেমন হতে যাচ্ছে আমাদের নতুন বাংলাদেশ।’ তিনি আরও বলেন, ‘একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত নতুন সরকারের গণতান্ত্রিক রূপান্তর এবং দেশের গণতান্ত্রিক যাত্রার বিষয়টি প্রধানমন্ত্রী তার বক্তব্যে তুলে ধরবেন। পাশাপাশি বিশ্বশান্তি প্রতিষ্ঠা, দীর্ঘমেয়াদি সংকটের টেকসই সমাধান এবং বৈশ্বিক সংকট নিরসনে বাংলাদেশ কীভাবে গঠনমূলক ও প্রভাবশালী ভূমিকা রাখতে চায়, সে বিষয়েও প্রধানমন্ত্রী মতামত প্রকাশ করবেন।’

প্রধানমন্ত্রীর এই সফরে রোহিঙ্গা সংকটের বিষয়টি অন্যতম শীর্ষ অগ্রাধিকারে থাকবে বলে উল্লেখ করেন হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আমরা রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি একটি উচ্চপর্যায়ের পার্শ্ব-আলোচনা (সাইড ইভেন্ট) আয়োজন করব। এই দীর্ঘায়িত সংকট আন্তর্জাতিক সম্প্রদায়ের আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে রাখতে বাংলাদেশ তার কূটনৈতিক প্রচেষ্টা জোরদার রাখবে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর এই সফরের মূল লক্ষ্য জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়া। সফরকালে বাংলাদেশ বিভিন্ন দেশের সঙ্গে প্রয়োজনীয় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক করবে এবং চূড়ান্ত হওয়া বৈঠকগুলোর বিস্তারিত পরে জানিয়ে দেওয়া হবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত