সাবেক এমপি জোয়াহেরুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের (ভিপি জোয়াহের) দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। এর আগে গতকাল সোমবার দুপুর ১২টায় টাঙ্গাইল জেলা সদর হেলিপ্যাডে প্রথম জানাজা হয়। এতে কোর্ট বিল্ডিং মসজিদের পেশ ইমাম মওলানা হাফিজুর রহমান প্রথম জানাজায় ইমামতি করেন। এরপর বেলা ৩টায় সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বেরবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় সামাজিক গোরস্তানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সাবেক সংসদ সদস্য (এমপি) জোয়াহেরুল ইসলামের (ভিপি জোয়াহের) মরদেহ সীমান্ত পাড়ি দিয়ে টাঙ্গাইলে এসে পৌঁছায় সোমবার ভোরে। এর আগে রবিবার রাত সাড়ে ১০টার দিকে তার মরদেহ বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আনা হয়। রাতে বেনাপোল-পেট্রোপোল শূন্যরেখায় তার মরদেহ ভারতীয় অ্যাম্বুলেন্স থেকে বাংলাদেশি একটি ফ্রিজিং লাশবাহী অ্যাম্বুলেন্সে তুলে নেওয়া হয়।

পরে তার মরদেহ অ্যাম্বুলেন্সে করে টাঙ্গাইল শহরের ছোট কালিবাড়ী এলাকায় নিজ বাসভবনে আনা হয়। সেখানে থেকে জেলা সদর হেলিপ্যাডে বেলা ১২টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জোয়াহেরুল ইসলামের ছোট ভাই আতোয়ার রহমান জানান, ভারতের কলকাতা বিমানবন্দরের কাছে দমদমের ফিনিক্স মেডিক্যাল সেন্টার হাসপাতালে এক সপ্তাহের বেশি সময় ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। মৃত্যুর তিন দিন আগে থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। গত শুক্রবার মাল্টি অর্গান ফেইলিওর ও হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।