লেখালেখি সাহিত্য পুরস্কার পেলেন মাহবুব হাসান ও আবদুল হাই শিকদার

২০২৫ সালে লেখালেখি সাহিত্য পুরস্কারের জন্য কবি ড. মাহবুব হাসান এবং ২০২৬ সালের জন্য কবি আবদুল হাই শিকদার নির্বাচিত হয়েছেন। শিল্প-সাহিত্য অঙ্গনে অনন্য সফলতার জন্য তাদের এই পুরস্কার দেওয়া হচ্ছে। লেখালেখি সাহিত্য পুরস্কার জাতীয় কমিটি সম্প্রতি এ সিদ্ধান্তের কথা জানায়। দুই বছরের এ পুরস্কার শিগগিরই আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেওয়া হবে।

ড. মাহবুব হাসান একজন বহুমাত্রিক লেখক। তিনি কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, গবেষক, চিন্তক ও ভূরাজনৈতিক বিশ্লেষক। কবিতায় তিনি উত্তর-ঔপনিবেশিক উত্তর-আধুনিক চেতনার মাধ্যমে নতুন ঐতিহ্যের পথ নির্মাণ করে চলেছেন। সে কারণেই তাকে কবিতায় পুরস্কার দেওয়া হচ্ছে। ড. মাহবুব হাসানের জন্ম ১৯৫৪ সালের ২৮ এপ্রিল টাঙ্গাইলে। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পিএইচডি করেছেন বাংলা ভাষা ও সাহিত্যের কবিতা নিয়ে।

কবি আবদুল হাই শিকদার ১৯৫৭ সালের ১ জানুয়ারি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদীর তীরের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৯৭৯ সালে বাংলায় স্নাতক (সম্মান) সম্পন্ন করেন তিনি। তিনি সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন। বর্তমানে দেশের শীর্ষস্থানীয় দৈনিক যুগান্তরের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।