শিক্ষা খাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করবে সরকার

দেশের শিক্ষা খাতে হুট করে কোনো সিদ্ধান্ত নিতে চায় না সরকার । এ জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে। এসব পরিকল্পনার বিষয়ে আগামী বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ পেশ করবে। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসির পদত্যাগপত্রের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘উনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। মন্ত্রণালয় থেকে যে দাপ্তরিক সিদ্ধান্ত এসেছে, তাতে উনি নির্দিষ্ট একটি তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করবেন, যতক্ষণ না দায়িত্ব হস্তান্তর করা হচ্ছে। সাময়িকভাবে পরের অবস্থানে যিনি আছেন, তার কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। এরপর স্থায়ীভাবে নতুন ভিসি নিয়োগে আমরা সঠিক পদ্ধতি অনুসরণ করেই এগিয়ে যাব।’