আগের ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত; তবু ভারতকে নিয়ে নতুন ভবিষ্যদ্বাণী আমিরের

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম আয়োজক ভারত সেমিফাইনালে উঠতে পারবে না বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। কিন্তু তার ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত করে দুর্দান্ত রান চেজিংয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। কিন্তু মোহাম্মদ আমির থামার পাত্র নন। তিনি আবারও ভারতকে নিয়ে মুখ খুলেছেন।

পাকিস্তানি টিভি শো ‘হারনা মানা হ্যায়’-এ বলেন, ‘ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে দেখলে ভারত ভালো ক্রিকেট খেলছে না। তাদের ফিল্ডিং দেখুন, অন্তত ৩–৪টি ক্যাচ ফেলেছে। মিসফিল্ডিংও করেছে। (জসপ্রিত) বুমরা ছাড়া সব বোলার রান দিয়েছে। (হার্দিক) পান্ডিয়া বড় দলগুলোর বিপক্ষে ভালো পারফর্ম করে না। ওয়েস্ট ইন্ডিজও বরুণ চক্রবর্তীকে টার্গেট করেছিল। সেমিফাইনাল দলগুলো স্পিনারদের বিপক্ষে ভালো খেলে। আমার মনে হয়, ভারত এখনও টুর্নামেন্টের ফেবারিট নয়।’

আগামী বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। এর আগে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজের ১২তম ওভারের ইনিংসে শিমরন হেটমায়ারের আউট নিয়েও তীর্যক মন্তব্য করেন আমির, ‘আমার মনে হয় হেটমায়ারের আউট হওয়া বিতর্কিত ছিল। তিনি আউট ছিলেন না। যদি তিনি আরও কিছু সময় থাকতেন এবং স্কোর ২২০–২৩০ পর্যন্ত পৌঁছাত, তাহলে ভারত হয়তো বাদ পড়ত।’