সৌদির মার্কিন দূতাবাসে হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে দুইটি ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। হামলার ফলে দূতাবাস ভবনে সীমিত অগ্নিকাণ্ড ও সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (২ মার্চ) রাতের ওই হামলার সময় একটি জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং দূতাবাস এলাকা থেকে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের সূত্রে রয়টার্স জানায়, রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টার—যেখানে বিভিন্ন দেশের দূতাবাস অবস্থিত—সেখানে ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা গেছে। 

ইসরায়েলের সামরিক পদক্ষেপের জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করার পর মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের কূটনৈতিক মিশনগুলো একের পর এক হামলার শিকার হচ্ছে। রিয়াদের ঘটনা তারই সর্বশেষ উদাহরণ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার দূতাবাসে হামলা এবং শনিবার থেকে শুরু হওয়া ইরানি সামরিক অভিযানে ছয়জন মার্কিন সেনা সদস্যের নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন। তিনি জানান, প্রয়োজনে স্থল সেনা মোতায়েনও করা হতে পারে—যা আগের দিনের বক্তব্য থেকে ভিন্ন অবস্থান। পরিস্থিতির প্রেক্ষিতে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের দূতাবাস জেদ্দা, রিয়াদ ও ধাহরানে অবস্থানরত নাগরিকদের 'শেল্টার ইন প্লেস' নির্দেশনা দিয়েছে। পাশাপাশি অঞ্চলের সামরিক স্থাপনায় অপ্রয়োজনীয় ভ্রমণ সীমিত করার পরামর্শ দেওয়া হয়েছে।