ভারত-বাংলাদেশের বন্ধুত্ব আরো জোরদার হবে : সহকারী হাই-কমিশনার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশন পরিদর্শন করেছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাস। পরিদর্শন শেষে তিনি আশ্রম প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মঙ্গলবার (৩মার্চ) আয়োজিত এ সভায় অনিরুদ্ধ দাস বলেন, আজ আপনারা ভারতীয় হাই-কমিশন, সিলেট অফিসকে সম্মান জানিয়েছেন। এর মাধ্যমে ভারত ও বাংলাদেশ এই দুই বন্ধু রাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককেও সম্মান জানিয়েছেন। আমি আশা করি, এই সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে। এখানে এসে আপনাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাওয়াটাই আমাদের বড় প্রাপ্তি।

আশ্রমের প্রতিষ্ঠাতা সভাপতি বন্ধু প্রীতম ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশন, সিলেটের প্রেস, তথ্য, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়া। এ ছাড়া সভায় বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি শ্রীমঙ্গলের সাবেক সভাপতি ও শিক্ষাবিদ দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য, কবি ও অধ্যাপক নৃপেন্দ্র লাল দাশ, বিশিষ্ট চিকিৎসক ও সাবেক সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্তী এবং বালাগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অবিনাশ আচার্য প্রমুখ।

মতবিনিময় সভায় প্রধান অতিথি অনিরুদ্ধ দাস ও বিশেষ অতিথি রাজেশ ভাটিয়াকে ফুলেল শুভেচ্ছার পাশাপাশি উত্তরীয় দিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক এসকে দাশ সুমন। সভা শুরুর আগে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশ করেন শ্রীমঙ্গল নৃত্যাঙ্গন ও নাট্যবেদ নৃত্য নিকেতনের শিল্পীরা। শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশ উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।