জাতিসংঘ

লেবাননে বাস্তুচ্যুত ৩০ হাজার মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ধারাবাহিকতায় লেবাননে অন্তত ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। গতকাল মঙ্গলবার জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। জেনেভায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের শরণার্থী সংস্থার মুখপাত্র বাবর বালুচ বলেন, লেবাননের দক্ষিণাঞ্চল, বেকা ও বৈরুতের দক্ষিণ উপশহর জুড়ে ব্যাপক বাস্তুচ্যুতির খবর পাওয়া যাচ্ছে। ইসরায়েল ৫৩টিরও বেশি লেবাননি গ্রামের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। লেবাননের এই তিনটি অংশে তীব্র বিমান হামলা হয়েছে। তিনি জানান, প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রায় ৩০ হাজার মানুষকে নিবন্ধন করে আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। অনেকেই রাস্তার পাশে নিজেদের গাড়িতে রাত কাটিয়েছে। অনেকে নিরাপত্তার খোঁজে অন্য এলাকায় যাওয়ার চেষ্টা করছেন।

গতকাল দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানায়, লেবাননে বিশেষ করে বৈরুতের দক্ষিণাঞ্চলে সংগঠনের শক্ত ঘাঁটিগুলো লক্ষ্য করে ইসরায়েলি হামলার জবাবে তারা তিনটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, ইসরায়েলের দিকে হিজবুল্লাহর গোলাবর্ষণ ও ইসরায়েলের তীব্র পাল্টা হামলায় লেবাননে সংঘাত বেড়ে যাওয়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তিনি আরও বলেন, আমরা দুই পক্ষকেই অবিলম্বে সহিংসতা বন্ধ করে পূর্বে সম্মত যুদ্ধবিরতিতে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি।