ইরান পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানের পক্ষে মস্কো ও বেইজিং

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক হামলার তীব্র সমালোচনা করেছে রাশিয়া ও চীন। দুই দেশই অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়ে সতর্ক করেছে যে, এ ধরনের পদক্ষেপে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়তে পারে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি মঙ্গলবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী  গিডিওন সার এর সঙ্গে ফোনালাপে ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানান। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওয়াং বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল, যেখানে ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগের বিষয়ও অন্তর্ভুক্ত ছিল। কিন্তু সামরিক হামলার কারণে সেই প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। 

ওয়াং বলেন, 'ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক হামলার বিরোধিতা করে চীন।' তিনি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেন, শক্তি প্রয়োগ কোনো সমস্যার স্থায়ী সমাধান আনতে পারে না; বরং তা দীর্ঘমেয়াদি জটিলতা সৃষ্টি করে।

অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সারগেই লাভ্রভ বলেছেন, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে—এমন কোনো প্রমাণ মস্কো দেখেনি।

এছাড়া চীন জানিয়েছে, ইরানে অবস্থানরত চীনা নাগরিক ও প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েল প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। ওয়াং এর আগে ইরান, ওমান ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও এ বিষয়ে আলোচনা করেছেন।