‘তুমি একটা গণ্ডমূর্খ’, পডকাস্টে রেগে আগুণ অজি কিংবদন্তী

অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট ক্রিকেটার স্টুয়ার্ট ম্যাকগিল নিজের পডকাস্টের সহ-সঞ্চালকের ওপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে আক্রমণাত্মক আচরণ করেছেন। গালিগালাজপূর্ণ সেই তর্কে পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে অনুষ্ঠানটি মাঝপথেই বন্ধ করে দিতে হয়।

‘ক্রিকেট আনফিল্টার্ড’ নামক পডকাস্টের একটি পর্বে এই ঘটনা ঘটে। সোমবার রাতে লাইভ স্ট্রিমিং চলাকালীন ম্যাকগিল তার সহ-সঞ্চালক অ্যান্ড্রু মেঞ্জেলকে 'গাধা', 'গণ্ডমূর্খ' বলে গালি দেন। 

অনুষ্ঠানটি প্রায় ১৯ মিনিট ধরে স্বাভাবিকভাবেই চলছিল। গোল বাঁধে যখন মেঞ্জেল ২০১৮ সালে অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকা সফরের একটি বিতর্কিত ঘটনার প্রসঙ্গ তোলেন। মেঞ্জেল সেই সময় দক্ষিণ আফ্রিকান দর্শকদের  ডেভিড ওয়ার্নারের স্ত্রী ক্যান্ডিস ওয়ার্নারের প্রতি করা অত্যন্ত আপত্তিকর আচরণের নিন্দা জানাচ্ছিলেন। 

মেঞ্জেল দর্শকদের এই নিচু মানসিকতার নিন্দা জানাতে চাইলেও, ম্যাকগিল ক্ষেপে যান এই কারণে যে— কেন এই পুরনো এবং ব্যক্তিগত বিষয়টি আবার তোলা হলো। পরের তিন মিনিট ধরে ম্যাকগিল মেঞ্জেলের ওপর চড়াও হন।

তর্কের এক পর্যায়ে ম্যাকগিল হুমকি দিয়ে বলেন, যদি এই ঝগড়ার অংশটুকু এডিট করে বাদ দেওয়া হয়, তবে তিনি আর কখনো মেঞ্জেলের সাথে কাজ করবেন না। 'থমত, এই বিষয়টি নিয়ে কথা বলাটাই তো নিচু মানসিকতা। তোমার এসব ডিটেইলসে যাওয়ার কোনো দরকার ছিল না। তুমি একটা গণ্ডমূর্খ। তুমি ঠিক সেই দর্শকদের মতোই কাজ করছো।"

এক পর্যায়ে মেঞ্জেল যখন বলেন, "পরের টপিক, বাংলাদেশের সফর নিয়ে কথা বলি'। কিন্তু ম্যাকগিল তখনো তাকে আক্রমণ করে যাচ্ছিলেন।

পরিস্থিতি বেগতিক দেখে মেঞ্জেল বাধ্য হয়ে অনুষ্ঠানটি শেষ করার ঘোষণা দেন। তিনি বলেন, "আসলে, আজকের পর্ব এখানেই শেষ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।"